জমে উঠেছে বইমেলা। পাঠক-লেখক ও দর্শনার্থীদের পদচারণায় মুখর বইমেলা প্রাঙ্গণ। কেনাবেচাও চলছে ভালো। কোনো প্রকাশনা থেকে বিক্রি হচ্ছে গল্পের বই, অন্যটিতে উপন্যাস কিংবা কবিতার বই।
তবে বইমেলায় এমন এক স্টলের দেখা মিলল যেখানে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ইসলামিক বই।
বার্ড কম্প্রিন্ট অ্যান্ড পাবলিকেশনের প্রকাশনায় ইসলামিক নানা বই নিয়ে সাজানো হয়েছে স্টল। স্টলটিতে পাঠক উপস্থিতিও চোখে পড়ার মতো। পাঠকরা ইসলামিক বই কিনতেই সেখানে ভিড় করছেন।
বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অভি আহমেদ আকাশ সময় সংবাদকে জানান, বইমেলায় এসে অনেকগুলো বই কিনেছি। সবশেষে এখানে এসেছি ইসলামিক বই কিনতে। গল্প, উপন্যাস পড়তে গিয়ে তো ইসলাম ভুলে গেলে চলবে না।
বার্ড কম্প্রিন্ট অ্যান্ড পাবলিকেশনের বিক্রয় প্রতিনিধি মুহিবুল্লাহ্ জানান, এবারের বইমেলায় ইসলামিক বইয়ের প্রতি মানুষের আগ্রহ চোখে পড়ার মতো। মানুষ ইসলাম সম্পর্কে খুবই সচেতন। তারা বই ভালো মতো দেখে যাচাই বাছাই করে কিনছেন।
তিনি জানান, নবীদের জীবনী, ইসলামি স্কলারদের জীবনী মানুষ বেশি কিনছেন। তবে মাওলানা সফিউর রহমান মুবারকপুরী রহ. এর লেখা ‘আর রাহীকুল মাখতুম (বাংলা অনুবাদ)’, মাওলানা তারিক জামিলের ‘মারীদের সুন্দর জীবন’ এবং মাওলানা মুফতী আবু বকর সিদ্দিকের ‘মাসাইলুন নিসা’ পাঠক চাহিদার তুঙ্গে।