বাংলা একাডেমি প্রাঙ্গণে চলছে মাসব্যাপী অমর একুশে বইমেলা। প্রায় অর্ধেক মাস পেরিয়ে গেলেও বইমেলা তেমন জমে ওঠেনি। তবে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) পহেলা ফাল্গুন উপলক্ষে একদিন আগেই বইমেলায় বইছে বসন্তের হাওয়া।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল থেকেই বাসন্তি রঙের পাঞ্জাবি ও শাড়িতে ছেয়ে যায় বইমেলা প্রাঙ্গণ। পাঠক ও দর্শনার্থীদের বসন্তের সাজ একদিন আগেই যেন বইমেলায় বসন্ত নামিয়ে দিয়েছে। ছোট বড় অনেকেই এদিন বইমেলায় বসন্তের সাজে এসেছেন। মাথায় ফুল, বাসন্তি রংয়ের শাড়ি আর কপালে টিপ— নারীদের এমন সাজে বইমেলায় বসন্তের হাওয়া বইয়ে দিয়েছে।
ঢাকার এলিফ্যান্ট রোড থেকে আসা সরকারি চাকরিজীবী মাহিনউদ্দিন মারুফ সময় সংবাদকে বলেন, ‘আগামীকাল ভালোবাসা দিবস এবং পহেলা ফাল্গুন একদিনে হওয়ায় পহেলা ফাল্গুন আজকেই পালন করে নিচ্ছি। আগামীকাল আসব লাল পাঞ্জাবি পরে।’
বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তামান্না আক্তার জানান, ‘১৩ তারিখ পহেলা ফাল্গুন উদ্যাপন করতে করতে আজকের দিনটাকে পহেলা ফাল্গুনই মনে হয় আমার কাছে। আর আজ সকাল থেকেই বসন্তের বাতাস বইছে। তাই বইমেলায় এসেছি ফাল্গুনের সাজে।’
আরেক দর্শনার্থী অন্তি চাকমা বলেন, ‘বইমেলা আমাদের কাছে উৎসব। আর এই উৎসবের মাঝে আরও দুটি উৎসব আগামীকাল। তাই দুটি আলাদাভাবে পালন করে নিচ্ছি।’